Thursday, 22 December 2011

বন্ধুরা


কলেজ থেকে ফিরতে ফিরতে
সুশান্তর সাথে হঠাৎ দেখা।

-“কেমন আছ?কি করছ?দাড়ি কাটো না কেন?”
-‘তুই আমাকে “তুই” বলতিস সুশান্ত!’
-“ও,তাই বুঝি!সে যাই হোক........”
গোধুলির নরম রোদ আমাদের
ফুটবল খেলার বিকেলগুলোর গা থেকে
পিছলে
      পড়ে 
           গেল............
ছুটে গেলাম পাড়ার পুরনো ঠেকে,
চেনা রোদেদের সাথে গল্প করব।
কিন্তু..........
রোদের পরে শেষ বিকেল বাড়ি ফিরলে
আমাদের বাড়ি ফেরার সময় হতো।
-তারপরের সেই ‘খেলা-ভাঙ্গা-একলা-মাঠ’
চুপটি করে গল্প করছে ফেলে আসা ছেলেবেলার সাথে।
বন্ধু কোথায়!
দৌড়ে গেলাম,ফেলে আসা স্কুলে,কোচিং গুলোয়-
তারপর রেখে আসা কোয়ার্ডে,ক্যান্টিনে
এদিক-ওদিক,কফি হাউস, এম.জি.রোড
আবার বইপাড়া,ট্রাম,বাস,অটো,মেট্রো
ছুটছি ছুটছি আর ছুটছি
ছুটতে ছুটতে কত রাস্তা,কত গলি,
মাথার ওপর মেঘ-সব ভেসে যাচ্ছে,
বন্ধু কোথায়?কোনপকেটে?ব্যাগের কোন
চেনের মধ্যে লুকোল,ধপ্পা দেবে বলে!
এই বেরো না,একটু বেরো!
আমি হুশ দেব না প্রমিস।
                      খেলা আব্বুলিস।
বড্ড হাঁপিয়ে গেছি রে,
আর পারছি না।
তোমরা কেউ দেখেছ আমার বন্ধুকে?
ও পাতা,ও কবিতার বই, শুনছো?
কেউ দেখোনি?কেউ না? কেউ ই না?
ক্লান্ত হয়ে,এসে বসলাম
আমার খাটটায়।
বন্ধুতা পরন্ত বিকেলের মতোই।
অনেক কিছু দেবে বলে 
নরম
       ওড়না 
    গুটিয়ে
নেয়।
সত্যিই কি?সত্যি সত্যি?
ভাগ্য দেখব বলে হাতের  পাতা মেলে দেখি-
ভাগ্য নয়,লেখা আছে-
বন্ধুদের ইতিহাসের নম্বর।।

1 comment: