Friday, 7 April 2017

বই চৈ

গোরা ও বিনয়
–--------------------
বর্ণমালা নেই আর
স্তব্ধতা নিভে আসে পথে
ঘরভাঙা পাখিদুটো
হাঁটছিলো বৃষ্টির পারে
***

শ্রীবিলাসের ডায়রি
–--------------------
আলো ছিলো মৃদু ঘর
গজলিয়া জুঁই একমুঠো
সীমার জন্ম ভেঙে
দামিনীও বসে আছে যেন
***
টিনের তলোয়ার
----------------------
এসব ক্রুদ্ধ শব্দ
ছিঁড়ে ফেলে রাষ্ট্রের মায়া
ময়নাও ছিঁড়ে গেছে
মঞ্চে তিতুমীর পালা
***
শ্রীরাধার ক্রমবিকাশ
----------------------
তারপরে ঘর ছাড়া
প্রেম শব্দ নিভে এলে ভাবি
আন-আগুনে ঝাঁপ দেবো
নিঃশেষে পোড়াবে যখনি
***
কৃষ্ণকথার ক্রমবিকাশ
----------------------
কথারও বয়েস বাড়ে
ধিকি জ্বলে কুম্ভারের পনী
কি খুঁজছি ভুলে গেছি
পড়ে কতো রাধা চন্দ্রাবলী
***

আমার কালের কয়েকজন কবি
----------------------
মধুমিতা কী লিখেছে
প্রিয়া কেন লিখছে না বেশি
সৃজিতা শব্দ হলে
এক আঁচল জল নেবো ভাবি

কাজরী তোমাকে

সেতারে মিশ্র পিলু
ভালোবেসে কাজরী নাম মেঘ
আকাশ থেকে অলীক জলের মতো
সন্ধে নামছে

আর এক দগ্ধ কাঠ
আগুন হারিয়ে ওর দিকে চেয়ে
দূরে থাকে
কথা বলতে ভয়

সব জল অনুবাদে শুশ্রুষা নয়

তবু ভালো লাগে
ভাবে

বৃষ্টির মতো উড়ে আসছে শাড়ির আঁচল
সব তাপ ঢেকে দিলো নদী

অসময়ে দেখা যায় মেট্রোতে বই মুখে বসে

সেতার মিশ্র পিলু
ভালোবেসে কাজরী বলে ডাকা

আর শুধু দূরে দূরে থাকা

চুপ চেয়ে

সুরের শরীর খালি ক্ষত ছুঁয়ে
সন্ধে হয়
উড়ে যায়

দূর
সন্ধে মিশ্র পিলু

অসময়ে কাজরী হয়
ভাসে

আর সব শুশ্রুষা মেঘ নাম অলীক আকাশে

গান্ধারী জন্ম


আমরা সবাই রোজ  রাত হয়ে যাই
আমরা সবাই রোজ সঙ্গম
উত্তাল

অথচ খালি অন্ধকার জন্ম নেয় প্রিয় জীবন

তুমি যাকে আলো হীন
তার গর্ভে এলে তারারাও ডুবে যায়

3

আলো
আলো

একটা তারিখ মরে যাচ্ছে

দুহাতে রক্ত ছাপ
জলেদের ঘর বাড়ি

একা
একটা তারিখ মরে যাচ্ছে

পৃথিবীর সব ফোন বেজে যায়
কেউ সে রাতে ফোন তোলে না
সব শুশ্রুষাকেন্দ্র লক আউট

একটা তারিখ

কয়েকটা আপ্রাণ লড়াই

হেরে যাচ্ছে

একটু আলো

সময়ের সিরিঞ্জে ভরপুর নেশা
তবু অবশ হচ্ছে না প্রিয় ক্ষত

জল

তারপর ঠিক সন্ধ্যে এসে তারিখকে কোলে তুলে নেয়

নিথর
কস বেয়ে অন্ধকার গড়িয়ে নামে

যবনিকায়

2

প্রতিটা মানুষের ভেতর একটা গাছ থাকে
আর সব গাছের ভেতরে একটা মানুষ

বাকলের তলায় তাজা রক্ত , ক্ষতের শরীর
অথচ জীর্ন পোশাক নিরক্ত

আমাদের সবারই কিছু লুকোনো পাপ থাকে
সব পাপী মানুষ একদিন দুঃখ নিয়ে গাছ

গাছের শরীর ছুঁয়ে কিছু ঘৃণা হওয়ার মতো
বিষাক্ত , ধারালো

আর সৈন্যরা ভাবে সব যুদ্ধের একটা শেষ থাকবে  যেখানে মানুষ রক্তে নতজানু
কষ্টে

ক্ষমা বলে এক শান্ত মাটি,
অথবা আগুন

সব মানুষ যেদিন গাছ
সেদিন

1

ভরাট ছবি দেখতে ভালো লাগে খুব
অথচ অধিকাংশ ছবিতেই এবড়োখেবড়ো রং
অমোঘ , অমসৃণ-

এই বলে কর্ণ ধনুক তুলে নেন
তীর হীন

আর আকাশ থেকে ভীষণ রাগে আলো ছুটে চলে

স্নেহের দিকে
প্রেমের দিকে

বৃষ্টিদেশ

এখানে বৃষ্টিদেশ , জলেদের ঘরবাড়ি

একা

পাপে আছি
আমায় প্রেমে ডেকো না

এই সব এলোমেলো

ঈষৎ রেখেছি দুঃখ আর কিছু স্বকীয় প্রলাপে
বৃষ্টিও শব্দ হয় যদি তুমি লিখে রাখো তাকে