Tuesday, 23 October 2012

কবির মৃত্যু


নবীন কিশোরকে ভুবনডাঙ্গার মেঘলা আকাশ দিয়ে চলে গেলেন সনাতন পাঠক। অনেক দিন আগে, তখন সবে মাত্র নাইন টেন, বাস স্টপে কোন তিন মিনিট স্বপ্নে কাঁটার মত বিধে থাকে, নীরাকে দেখলাম। তারপর আর কতও......। সুগন্ধি রুমাল বুকে বরুনা কথা রাখেনি। আমিও কি ভুলেছি সেসব? স্মৃতি, তুমি এত প্রতারক? আজ সকালে, বেলঘরিয়া স্টেশন এ ঘুরে বেড়াচ্ছি। পাশে বন্ধু। ট্রেনের শব্দে সুনীল। দুজনেরই মনে পরে যাচ্ছে, ‘কবির মৃত্যু, লোরকা স্মরণে’, আরও কত! কবি চলে গেছেন। মধ্য রাত্রির বন্ধ দ্বার ভেঙে, চলে যাচ্ছেন কবি। সেখানে ব্যাকুলতা ঢেউয়ের টানে দোলে... সেখানে ধ্বনিগুলি স্মৃতিকে খায়...  কাকাবাবু আর আসবেন না। সাতাশ বছরের চিরবেকার চির যুবক ছেলেটিরও আর দেখা পাওয়া যাবে না। সেসব কথা সারাদিন ধরে বোকা বাস্কের প্রলাপে। আমার গলার কাছে চিনচিনে ব্যাথা।ওদের জন্য নয়।শুধু কবিতার জন্য যার জন্ম, তার জন্য।শুধু কবিতার জন্য সে অমরত্ব তাচ্ছিল্য করেছিল। এই উৎসব শেষের রাতে, কবিতারা ভিড় করে দাঁড়ায়। ওরা কি ভীষণ ভাবে বাঁচে! কবির মৃত্যু নেই। রাতের তারার সাথে স্বপ্ন ওড়ে। স্বপ্নরা শব্দ হয়। কবি এসে দাঁড়ান সাঁকোর পাশে। রাতের হাওয়ায় ফিসফিস.........- সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে।

No comments:

Post a Comment